রাজধানীর গুলিস্তানের যানজট নিরসনের লক্ষ্যে সরকার ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩ মাসের মধ্যে এই স্থানান্তর কার্যকর হবে।
শনিবার মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শন করেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় ৮০টি বাস রাখার জন্য নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়। বাস মালিক সমিতির প্রতিনিধিরা জানান, ঢাকার বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘বর্তমান সরকার বাস ডিপো এবং টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো পূর্বাচলে নিয়ে যাওয়া হবে। এছাড়া গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল ৩ মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হবে।’
এদিকে, সম্প্রতি মিরপুরের সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ডিএমপি কমিশনার।