ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে যে, সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হলে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন।
দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে, আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্যভাবে দিতে হবে। কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর তথ্য দেওয়া বা জাল নথি উপস্থাপন করলে ভিসা আবেদন বাতিল হতে পারে।
এছাড়া, এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।
দূতাবাসের বার্তায় আবেদনকারীদের উদ্দেশে বলা হয়েছে, সাক্ষাৎকারে সত্য তথ্য প্রদান করুন এবং কোনো তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপন করবেন না।