যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি উড়োজাহাজকে বসরা বিমানবন্দরে অবতরণ করতে দেয়নি ইরাক। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। উড়োজাহাজটি বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি না পেয়ে ইরানে ফিরে যায় এবং আবাদান বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে সড়কপথে বসরায় যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।
ইরানের দলটি বসরায় আয়োজিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল। এ প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিনের অংশ নেওয়ার কথা রয়েছে।
ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ইরানি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারত।
এ ঘটনার মাধ্যমে ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাব সামনে এসেছে। গত ২৩ সেপ্টেম্বরের পর, ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন।
এর আগে, গত সেপ্টেম্বরে, বাগদাদ বিমানবন্দরে ইরানের ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয় ইরাক। যুক্তরাষ্ট্র ইরানি উড়োজাহাজকে সেবা দেওয়া বিমানবন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, ইরানের বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিমানবন্দরও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।