ভারতের ভিসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নিয়মাবলী প্রণয়ন করেছে, যার ফলে পর্যটকদের জন্য আবেদন প্রক্রিয়া সহজতর হবে।
বর্তমানে, ভারতে ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে নামানো হয়েছে। এর মধ্যে ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে আনা হয়েছে। নতুন নিয়মের ফলে আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, যা আবেদনকারীদের জন্য প্রক্রিয়াকে আরও সহজ করবে।
নতুন ৯টি ভিসা ক্যাটাগরির মধ্যে রয়েছে: ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর, এবং বিবিধ। এর মধ্যে ভিজিটর ভিসার নাম পরিবর্তন করে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা পর্যটন, ব্যবসায়িক বৈঠক, এবং চিকিৎসা পরামর্শের জন্য ব্যবহার করা যাবে।
ভিজিটর ভিসা দুটি ভাগে বিভক্ত করা হয়েছে: ভি-১ এবং ভি-২। ভি-১ এর মেয়াদ ৩০ দিন এবং একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে, অপরদিকে ভি-২ ভিসার মেয়াদ ১, ৫, বা ১০ বছর হতে পারে।
চিকিৎসা ভিসার জন্য এম-১ এবং এম-৩ ভিসা চালু করা হয়েছে, যা সাধারণ চিকিৎসা ও ঐতিহ্যবাহী আয়ুশ চিকিৎসার জন্য প্রযোজ্য। শিক্ষার্থীদের জন্য এস-১ এবং এস-২ ভিসা প্রবর্তন করা হয়েছে, যা বিভিন্ন স্তরের পড়াশোনার জন্য সুবিধা দেবে।
ব্যবসায়িক ভিসা বি-১ এবং বি-২ শ্রেণিতে ভাগ করা হয়েছে, যেখানে বি-২ ভিসার আওতায় বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের জন্য নতুন সুযোগ তৈরি করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক মান ও নাগরিকদের সুবিধা নিশ্চিত করতেই এই সংস্কার আনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হবে।