যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের প্রস্তাব তুলেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মার্কিন পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
জেলেনস্কি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল— যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি তারা দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে?’ এই প্রথমবারের মতো এ প্রশ্নটি সামনে এসেছে। তিনি জানান, নিরাপত্তার নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক বাহিনীর সক্ষমতার ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে তা গণভোটে উপস্থাপন করবেন।
গত শনিবার (১৪ নভেম্বর) জেলেনস্কি নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। মার্কিন প্রতিনিধিরা সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার পর দনবাস থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
এদিকে, রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকে দনবাসের একটি বড় অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। জেলেনস্কি বারবার জানিয়েছেন যে, তিনি দেশের সার্বভৌমত্ব ছাড়তে রাজি নন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ সম্প্রতি ডাবলিনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। কুশনার বলেন, আলোচনা গোপনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত প্রস্তাব নেই।
বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে, যার মধ্যে দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের বড় অংশ অন্তর্ভুক্ত। ক্রেমলিন জানিয়েছে, চূড়ান্ত শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতিতেও তারা রাজি নয়।