রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে নির্বাচন পেছানোর নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ সুদানে নির্বাচন পেছানোর নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

দক্ষিণ সুদানে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আবারও পেছানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। তবে নির্বাচন পেছানোর কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। নতুন নির্বাচনী সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

আগামী ২৭ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিনের নির্বাচনী প্রচার চলবে। এক দিন প্রচারবিহীন সময় শেষে ১১ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান গ্যাব্রিয়েল বোল ডেং জানিয়েছেন, দেশজুড়ে ৩,১৬১টি ভোটার নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং এ কার্যক্রম পরিচালনার জন্য ২২ হাজারের বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদানের প্রায় দেড় কোটি মানুষের মধ্যে ৯০ শতাংশের পরিচয়পত্র নেই। এতে ভোটার নিবন্ধন কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানান, গ্রামীণ এলাকার যেসব মানুষের পরিচয়পত্র নেই, তাদের স্থানীয় সম্প্রদায়ের নেতাদের মাধ্যমে শনাক্ত করা হবে।

দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। দেশটিতে ২০২২ সালে প্রথম জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল, তবে অন্তত তিনবার নির্বাচন পেছানো হয়েছে। ২০১৮ সালে গৃহযুদ্ধের অবসানে শান্তিচুক্তি হলেও এখনো সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলমান রয়েছে।

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট সালভা কির অন্তর্বর্তী ঐক্য সরকার ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন নিয়োগ করেন। এটি ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নতুন সংঘাতের ঝুঁকি বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ইয়াসমিন সুকা বলেছেন, নির্বাচনের প্রয়োজন হলেও দক্ষিণ সুদানে সবার অংশগ্রহণে রাজনৈতিক সমঝোতা ও বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন