ঢাকার বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে সরকার কাজ করছে। আগামী তিন মাসের মধ্যে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হবে, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। কমিশনার বলেন, সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে।
তিনি বলেন, মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকবে, তবে ডিপো পূর্বাচলে স্থানান্তরিত হবে। এ সময় মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, যেখানে ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।