পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি বিশেষ ইউরেনিয়াম চালান পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জ্বালানিবাহী তিনটি লরি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। এই তথ্য নিশ্চিত করেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।
ইউরেনিয়ামের চালান আসার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মূল সড়ক ও বহরের চলাচলের পথ থেকে অন্যান্য যানবাহন ও পথচারীদের সরিয়ে নেওয়া হয়। গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও ছিল নজরদারি।
শনিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালান রওনা হয়। এই বহরে তিনটি জ্বালানিবাহী লরির পাশাপাশি অন্যান্য সরঞ্জাম বহনকারী একটি গাড়ি ছিল। রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন।
সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, এসআরবি, ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী চালানটি পরিবহন করে। বহর চলাচলের সময় সংশ্লিষ্ট সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যার ফলে কিছু স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বহরটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ার আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছে যাত্রাবিরতি করে। প্রায় পৌনে এক ঘণ্টার বিরতি শেষে আবারও রূপপুরের উদ্দেশে রওনা হয়।
প্রসঙ্গত, শুক্রবার (২ অক্টোবর) রাতে বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছায়। এই চালানটি গ্রহণ করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে ইউরেনিয়ামের চালান আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য।