আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য লিয়ান্দ্রো পারেদেস অবসরের ইঙ্গিত দিয়েছেন। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পারেদেস বলেন, “জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হবে। সবকিছু মিলিয়েই বিষয়টি বেশ কঠিন।” তিনি মেসির অবসর, নিজের ওপর ফিফার নিষেধাজ্ঞা এবং জাতীয় দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পারেদেস বলেন, “আমি আগেও যা বলেছি—নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্ত… সবকিছু। পরিস্থিতি আগের মতো থাকবে কি না, জানি না।” তিনি কোচের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন।
মেসির বিদায় মেনে নেওয়া তার জন্য সহজ নয় বলেও জানান পারেদেস। তিনি বলেন, “তার রেখে যাওয়া ঐতিহ্য চিরকাল থাকবে। কখনও হাল না ছাড়া, স্বপ্নের পেছনে ছোটা এবং শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করে দেখানো—এটাই তার রেখে যাওয়া শিক্ষা।”
মেসিকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে কি না, এমন প্রশ্নে পারেদেস আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সব সময় তার সঙ্গে খেলতে চাই, তাকে পাশে চাই। কিন্তু তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমরা চাইনি।”
ফিফা বিশ্বকাপের ফাইনালের পর মেসির সঙ্গে হওয়া কথোপকথনের কথাও স্মরণ করেন পারেদেস। তিনি দাবি করেন, সেবারই মেসি ইঙ্গিত দিয়েছিলেন যে বিশ্বকাপের ফাইনালই হতে পারে তার শেষ ম্যাচ।
পারেদেস বলেন, “আমরা বিশ্বকাপের শেষ দিকে কথা বলেছিলাম। ফাইনালটাই হয়তো তার শেষ ম্যাচ হতে পারে—এমন কথা হয়েছিল। কিন্তু তারপরও আমরা প্রস্তুত ছিলাম না।”
ফিফার নিষেধাজ্ঞা পারেদেসের জাতীয় দল ছাড়ার ভাবনার পেছনে বড় কারণ হয়ে উঠতে পারে। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর কারণে তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং ৯০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।