বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি, বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক

তাওহীদ হৃদয় দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন।

তাওহীদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি, বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক

প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি (৩০০*) হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ৪৫০ বলের মহাকাব্যিক ইনিংসে হৃদয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি স্বর্ণাক্ষরে খোদাই করেছেন।

এই মাঠটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ একটি ভেন্যু। ২০২০ সালে এখানে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ছিল বাংলাদেশ। ছয় বছর পর, একই মাঠে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের অলৌকিক ইতিহাস রচনা করলেন বগুড়ার এই ব্যাটার।

হৃদয়ের এই অবিস্মরণীয় ইনিংসের মাধ্যমে তিনি বাংলাদেশ ‘এ’ দলের ২৩ বছর আগের একটি রেকর্ডও ভেঙেছেন। ২০০৩ সালে করাচিতে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২১৮ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন, যা এত দিন পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল। হৃদয় ম্যাচের প্রথম দিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় দিনের প্রথম সেশনে বিদ্যুৎকে টপকে শীর্ষস্থান দখল করেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার ঘটনা এটি কেবল তৃতীয়। এর আগে ঘরোয়া ক্রিকেটে তামিম ইকবাল ৩৩৪ রানের অপরাজিত ইনিংস এবং রাকিবুল হাসান ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন। তবে তামিম ও রাকিবুলের রেকর্ড ছিল দেশের মাটিতে, যেখানে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি বিদেশের মাটিতে অর্জিত।

বিজ্ঞাপন