ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টে নতুন সতীর্থ হিসেবে যোগ দিয়েছেন দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সেপ্টেম্বরের ‘রথেসে কাউন্টি চ্যাম্পিয়নশিপ’-এর শেষ পর্বের চার ম্যাচের জন্য খালেদ আহমেদকে দলে নেওয়া হয়েছে।
৩১ বছর বয়সী খালেদ আহমেদ বাংলাদেশের হয়ে ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৫ সালে সিলেটের হয়ে অভিষেকের পর থেকে ৭০টি ম্যাচে ১৯০টি উইকেট শিকার করেছেন।
কেন্টে যোগ দিয়ে খালেদ বলেন, “কেন্টের মতো সমৃদ্ধ ইতিহাসের ক্লাবে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমাদের মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে দলকে ডিভিশন ওয়ানে প্রমোশন পেতে সহায়তা করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান, “প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি। হাসান এবং আমার এজেন্ট ক্লাবটির পরিবারিক পরিবেশ নিয়ে অনেক ভালো কথা বলেছে।”
এর আগে, চলতি মাসের শুরুতে কেন্ট বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের পরিকল্পনায় রেখে দেয়ায় খালেদকে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে।
কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক বলেন, “মৌসুমের শেষভাগে দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতে এবং পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সুযোগ পেতেই খালেদকে নেওয়া হয়েছে। হাসানের আসার পর থেকে প্রচুর বাংলাদেশি সমর্থক কেন্টকে অনুসরণ করছেন; খালেদের উপস্থিতিতে সেই উন্মাদনা আরও বাড়বে।”
কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে বর্তমানে ডারহামের পরেই অবস্থান করছে কেন্ট। বুধবার, কেন্টারবারিতে তাদের পরবর্তী ম্যাচ হবে ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে।