আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি লিওনেল মেসির দখলে। তিনি ২০৭ ম্যাচে ১২৫টি গোল করেছেন, যা কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুার ৫৬ গোলকে ছাড়িয়ে গেছে। মেসির গোলের গড় প্রতি ম্যাচে ০.৬০। বর্তমানে খেলোয়াড়দের মধ্যে লাওতারো মার্তিনেজ ৪২ গোল নিয়ে তার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছেন।
মেসি শুধু গোলের ক্ষেত্রেই নয়, আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তার। ২০৭ ম্যাচে খেলার মাধ্যমে তিনি সবার উপরে রয়েছেন, তার পরের অবস্থানে রয়েছেন হ্যাভিয়ের মাসচেরানো, যিনি ১৪৭ ম্যাচ খেলেছেন। অ্যাঞ্জেল ডি মারিয়া এবং হাভিয়ের জানেত্তি ১৪৫টি করে ম্যাচ খেলেছেন, এবং নিকোলাস ওতামেন্দি ১৩৯ ম্যাচে অংশ নিয়েছেন।
বিশ্বকাপের মঞ্চে মেসির রেকর্ডও অসাধারণ। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা, ছয়টি বিশ্বকাপে ২১ গোল করেছেন। তার পেছনে রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা, যিনি ১০ গোল করেছেন। গিয়ের্মো স্তাবিলে ও দিয়েগো ম্যারাডোনা করেছেন আটটি করে গোল।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির। তার নামের পাশে রয়েছে ৩৪টি ম্যাচ, যেখানে ম্যারাডোনা ২১টি এবং মাসচেরানো ২০টি ম্যাচ খেলেছেন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও মেসি রেখেছেন অনন্য এক রেকর্ড। কনমেবল অঞ্চলের বাছাইয়ে তার গোল সংখ্যা ৩১টি। একই সংখ্যক গোল নিয়ে তার সঙ্গে আছেন লুইস সুয়ারেজ।
দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি শুধু শিরোপাই জেতেননি, বরং তিনি এমন কিছু রেকর্ডও গড়ে গেছেন, যা তার বিদায়ের পরও আর্জেন্টিনার ফুটবলে আলোচনার কেন্দ্র হয়ে থাকবে।