আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৫টায় পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি মেসির জন্য ২০৮তম ও শেষ ম্যাচ হতে যাচ্ছে।
বিদায়ী এই ম্যাচের আগে মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করেন। অনুশীলনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে মেসি উল্লেখ করেছেন, "বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এসব খুব মিস করব।"
মেসির শেয়ার করা ছবিগুলোতে সতীর্থদের সঙ্গে অনুশীলনের মুহূর্ত এবং পুরো দলের, কোচিং স্টাফ ও এএফএ কর্মীদের সঙ্গে তোলা একটি গ্রুপ ছবিও রয়েছে।
মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বিশেষ এই ম্যাচের জন্য ডাক পেয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো।
আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেতে খেলা ওতামেন্দি এর আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বেনিনের বিপক্ষে ম্যাচে তাঁকে খেলতে দেখা যেতে পারে। তবে একাদশে থাকবে কি না এবং খেললে কত মিনিট খেলবেন, সেই বিষয়গুলো এখনো নিশ্চিত নয়।