মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির নতুন অধিকারী কে?

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির নতুন অধিকারী কে হবে, তা নিয়ে আলোচনা চলছে।

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির নতুন অধিকারী কে?

লিওনেল মেসির বিদায়ের সঙ্গে শেষ হতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিতে যাচ্ছেন এই মহাতারকা। বিশ্বকাপ ও টানা দুটি কোপা আমেরিকা জেতানো সেই অধিনায়কের জায়গা পূরণ করা অসম্ভব। তবে, ১০ নম্বর জার্সি তো আর চিরকাল খালি রাখা যাবে না। এখন প্রশ্ন, মেসির পর সেই জার্সি উঠবে কার গায়ে?

মেসির বিদায়ের সঙ্গে আর্জেন্টিনার সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ। এলএমটেন বিদায় নিলে আলবিসেলেস্তেরা কেবল একজন খেলোয়াড়কে হারাবে না, মাঠজুড়ে তার বিশাল প্রভাবও মিস করবে। দিয়েগো ম্যারাডোনার পরও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এরপর কখনও পাবলো আইমার, কখনও এরিয়েল ওর্তেগা আবার কখনও রিকোয়েলমে ১০ নম্বর জার্সি পরেছিলেন। কিন্তু সেই 'নাম্বার টেন' এর চাপ সবাই সমানভাবে সামলাতে পারেননি।

বর্তমানে সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আসছেন হুলিয়ান আলভারেজ। মেসির অনুপস্থিতিতে তিনি স্বাভাবিক বিকল্প হতে পারেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মেসির সীমিতসংখ্যক ম্যাচে শুরু থেকে খেলায় বেশ কয়েকবার তার ভূমিকা নিয়েছিলেন আলভারেজ। পুরো বাছাইপর্বে সাতটি গোল করার পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি।

নিকো পাজকেও মেসির কাছের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ২২ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার অনেকের নজর কেড়েছেন। আর্জেন্টিনার হয়ে ১৩ ম্যাচে তিন গোল করেছেন পাজ। মেসির মতো গোলস্কোরার হওয়ার সম্ভাবনা হয়তো তার নেই, তবে তার সৃজনশীলতা আক্রমণভাগকে ভারসাম্যপূর্ণ করে তুলতে সাহায্য করবে।

এছাড়া, ১৯ বছর বয়সী মাস্তানতুওনোও একটি সম্ভাব্য চমক হতে পারেন। তিনি গত মৌসুমে ৪৫ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে কঠিন সময় কাটানোর পর ফিওরেন্তিনায় ধারে গিয়ে নিজের সেরা ছন্দ ফিরে পেয়েছেন।

অন্যদিকে, থিয়াগো আলমাদার নামও পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না। স্কালোনির আস্থাভাজন এই ২৫ বছর বয়সী ফুটবলার আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে পরিচিত। তবে ইউরোপে প্রত্যাশা পূরণ করতে না পারায় তার সম্ভাবনা অন্যদের তুলনায় কম।

শেষ পর্যন্ত, মেসির উত্তরসূরি একজনই হবেন, এমন ভাবনাই বরং ভুল হতে পারে। মেসির প্রভাব কোনো এক খেলোয়াড় দিয়ে পূরণ করা সম্ভব নয়। আলভারেজ, পাজ, মাস্তানতুওনোসহ একাধিক খেলোয়াড়কে দায়িত্ব ভাগ করে নিতে হবে।

বিজ্ঞাপন