তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় স্লো ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বাগতিক ভারতকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজকে ১০ শতাংশ জরিমানা করেছে।
নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ভারত নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ওভার কম বল করে। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হওয়ায় ভারতের ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের ১০ শতাংশ জরিমানা হয়।
দুই দলের অধিনায়কই এই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী হলেও, এবার দুই দলই প্রস্তুত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য।
আগামীকাল (৬ অক্টোবর) লাখনৌয়ের অটল বিহারী বাজপায়ী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।