পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোস্তফা পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।
নৌ পুলিশ ও জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শুক্রবার দুপুর ১টার দিকে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ জেলে নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে মোস্তফা মাঝি নদীতে পড়ে নিখোঁজ হন।
শনিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত নৌকায় থাকা অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।
চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ওসি মোক্তারুজ্জামান জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।