শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধায় বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধায় বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে মানববন্ধন

গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ‘গাইবান্ধা তথা উত্তরবঙ্গবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তাদের মধ্যে ছিলেন রোস্তম আলী, মোস্তাফিজুর রহমান, অতনু সাহা, শহীদুল হক, দীপঙ্কর সাহা বাপ্পা, হুনান হক্কানি, জাহিদ হাসান জীবন, জাহিদুল ইসলাম রানা এবং ফরিদুল ইসলাম রাখু।

বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মাণ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একসময় এ রুটে রেল ফেরি চলাচল করলেও দীর্ঘ ২২ বছর ধরে তা বন্ধ রয়েছে।

তারা উল্লেখ করেন, নৌরুটটি পুনরায় চালুর লক্ষ্যে প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ঘাট ও আধুনিক টার্মিনাল নির্মাণ করা হলেও নদীর নাব্যতা সংকট ও খনন-সংক্রান্ত সমস্যার কারণে সাধারণ মানুষ সুফল পাচ্ছেন না।

বক্তারা আরও জানান, বালাসী-বাহাদুরাবাদ রুটে একটি স্থায়ী বহুমুখী সেতু নির্মাণ করা হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাসহ উত্তরবঙ্গের অন্তত আটটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

এতে যাতায়াতের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত কমতে পারে। বক্তারা দাবি করেন, এই সেতু নির্মাণের ফলে সময় ও জ্বালানি খরচ সাশ্রয় হবে এবং কৃষিপণ্য দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে।

উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। তারা জানান, দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন