পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি আহসান হাবীব সোনা। কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর পরও একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।"
তারা আরও বলেন, "যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" বক্তারা মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার জন্য রাষ্ট্র ও সমাজের দায়িত্বের ওপর জোর দেন।
মানববন্ধন থেকে পিরোজপুরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।