আঙুল দিয়ে শব্দ করে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগে ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ (এনওয়াইএসডিএল) শুক্রবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে ডিভাইনের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ডিভাইন নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় আঙুল দিয়ে শব্দ করেন, যা আম্পায়ারকে বিভ্রান্ত করে শাবিরকে আউট ঘোষণা করতে প্রভাবিত করে।
ডিভাইনকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আওতাধীন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় তিনি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারবেন না, পাশাপাশি কোচিং, আম্পায়ারিং, স্কোরিং কিংবা জুনিয়র দল পরিচালনার দায়িত্বও পালন করতে পারবেন না।
শাস্তির আওতায় শুধু ডিভাইনই নয়, তার ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবকেও শাস্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় একাদশকে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
এনওয়াইএসডি জানায়, সল্টবার্নের দ্বিতীয় একাদশের এক খেলোয়াড়ের আচরণ নিয়ে জুলাইয়ের শেষ দিকে একাধিক ম্যাচের বিষয়ে অভিযোগ পেয়েছিল। তদন্তে ক্লাব কর্তৃপক্ষ সহযোগিতা করেছে এবং খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে।
এনওয়াইএসডি আরও জানায়, এই ঘটনা অনেকের জন্য মানসিক চাপের কারণ হয়েছে এবং অনলাইনে ও সরাসরি হয়রানির শিকার ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে।