বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম সিলেট টেস্টের দ্বিতীয় দিনে গুরুতর চোট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে টেস্টে হারের পর সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ।
আজ শুক্রবার, দিনের অষ্টম ওভারে ফিল্ডিং করার সময় সাদমানের গোড়ালিতে চোট লাগে। আমির জাঙ্গুর ফাইন লেগে ঠেলে দেওয়া বলটি ধরতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় তিনি ব্যথায় কাতরাতে থাকেন এবং পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।
সাদমানকে হাসপাতালে নিয়ে গিয়ে এমআরআই ও শারীরিক পরীক্ষা করা হচ্ছে। বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, ‘সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যানিং করতে পাঠাব।’
দলীয় সূত্রে জানা গেছে, সাদমানের চোটের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট টেস্টে ফেরার সম্ভাবনা খুবই কম। যদি তিনি মাঠে ফিরতে না পারেন, তাহলে বাংলাদেশকে টেস্টের বাকি সময়ে ব্যাটিংয়ে একজন কম নিয়েই খেলতে হবে, কারণ বদলি খেলোয়াড় নামানোর নিয়ম শুধুমাত্র কনকাশন বা মাথায় আঘাতের ক্ষেত্রে প্রযোজ্য।