নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচের পর গুভমান গিলের নাম শিরোনামে এসেছে। তবে গিলের আলোচনায় আসার কারণ তার মাঠের পারফরম্যান্স নয়, বরং একটি বিশেষ যন্ত্রের জন্য।
গিলের কপালের পাশে একটি ছোট্ট ডিভাইস দেখা গেছে, যার নাম 'টেম্পল'। এটি সাধারণ স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার নয়, বরং একটি পরিধানযোগ্য ডিভাইস যা জুমেটোর সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি দল তৈরি করেছে।
টেম্পল কপালের পাশের অংশে পরিধান করতে হয়, যা কানের ওপরের দিকে স্থাপন করা হয়। এই ডিভাইসে বিশেষ অপটিক্যাল সেন্সর রয়েছে, যা মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন এবং অক্সিজেন সরবরাহের সংকেত পর্যবেক্ষণ করে। এটি মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত শারীরিক পরিবর্তনও শনাক্ত করতে পারে।
গিলের মতো একজন ব্যাটারের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মধ্যে থাকা অবস্থায় শরীর ও মস্তিষ্কের প্রতিক্রিয়া জানা কতটা গুরুত্বপূর্ণ, তা ভাবা যায়। ক্রিকেটের মাঠে এই ডিভাইসের ব্যবহার নতুন একটি দৃষ্টান্ত। এর আগে ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্দুকেও এটি ব্যবহার করতে দেখা গেছে।
তবে গিলের টেম্পলের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে, ক্রিকেট মাঠে কি এ ধরনের ডিভাইস ব্যবহার করা বৈধ? আইসিসির নিয়ম অনুযায়ী, লাইভ ম্যাচে যোগাযোগ করতে পারে এমন ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ। তবে যদি কোনো ডিভাইস শুধুমাত্র তথ্য সংগ্রহ করে এবং কোনো ধরনের তথ্য আদান-প্রদান না করে, তাহলে নির্দিষ্ট শর্তে সেটি ব্যবহারের অনুমতি থাকতে পারে।
টেম্পল শুধুমাত্র একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি ক্রিকেটে ভবিষ্যত প্রযুক্তি নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।