রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত

মস্কোর একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত বালজি রসি রেস্তোরাঁয় এ বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, সন্দেহভাজন এক নারী হাতে বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিস্ফোরণে ওই নারী, রেস্তোরাঁর একজন নিরাপত্তাকর্মী এবং সেখানে থাকা এক দর্শনার্থী নিহত হন।

আহত ২১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষ এখনও এ ঘটনার লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানায়নি। তবে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর অনেক বাসিন্দা এ ঘটনার সঙ্গে যুদ্ধের কোনো যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন।

গত কয়েক বছরে, রাশিয়ার রাজধানী ও আশপাশের এলাকায় দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য মস্কো বারবার কিয়েভকে দায়ী করে আসছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের পর ওই এলাকার সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রুশ সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন