যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, সামরিক হামলার পর ইরান আলোচনায় বসতে আগ্রহী হয়ে উঠেছে। তিনি বলেন, তেহরান এখন পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বিষয়েও আলোচনা করতে চায়।
রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
তিনি দাবি করেন, হামলার ফলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তবে রুবিও সতর্ক করে দিয়ে বলেন, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়নি। তাদের কাছে এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যা তাদের ক্ষয়ক্ষতি ঘটানোর সক্ষমতা প্রদান করে।
রুবিও আরও জানান, আগে যেসব সামরিক সক্ষমতার ওপর ইরান নির্ভর করত, যুক্তরাষ্ট্রের হামলার পর সেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা কার্যকর নেই। ফলে বর্তমান পরিস্থিতিতে আলোচনার পথ বেছে নেওয়া ছাড়া তেহরানের সামনে বিকল্প সীমিত হয়ে পড়েছে।