রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়ে ট্রাম্পের ঘোষণায় উদ্বেগ

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সক্ষমতা রয়েছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়ে ট্রাম্পের ঘোষণায় উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মাত্র ১০ মিনিটের মধ্যে হামলা চালানোর সক্ষমতা রয়েছে।

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট এক বা দুটি স্থাপনা এখনো লক্ষ্যবস্তু হিসেবে রয়ে গেছে এবং সেগুলোতে হামলার পরিকল্পনা প্রস্তুত রয়েছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার কয়েক ঘণ্টা পর এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, "পিকঅ্যাক্স মাউন্টেনসহ এক বা দুটি স্থাপনা এখনো বাকি রয়েছে, যেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা মাত্র ১০ মিনিটের মধ্যে এটি করতে পারি।"

ট্রাম্প সম্ভাব্য নতুন হামলা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে তিনি ইরানকে নির্ভরযোগ্য মনে করছেন না। তিনি বলেন, "তারা চুক্তিতে পৌঁছাতে চায়, কিন্তু চুক্তিতে সম্মত হওয়ার পর আবার সেখান থেকে সরে আসে।"

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সামরিক অভিযান পুনরায় শুরুর বিভিন্ন বিকল্প নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে বিমান প্রতিরক্ষাব্যবস্থা, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বাড়িয়েছে। পাশাপাশি, সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকিতে থাকা সামরিক ঘাঁটিগুলো থেকে সেনা ও সরঞ্জামের অবস্থান পরিবর্তন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চলছে। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই নির্বাচন।

ইরানের সঙ্গে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধি রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। ট্রাম্প নির্বাচনের শেষ মুহূর্তে দলের প্রতি জনসমর্থন ধরে রাখতে চেষ্টা করছেন।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দিতে ট্রাম্প প্রস্তুত নন, তবে ইরানের পক্ষ থেকে আকস্মিক হামলার প্রস্তুতির লক্ষণ দেখা গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম স্থানান্তরের অংশ হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ১০টি পরিবহন বিমান দক্ষিণ ইসরায়েলের বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

বিজ্ঞাপন