ফিলিস্তিনের গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মতে, গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় ১৩৬ ঘণ্টা ধরে চলা খননকাজের মাধ্যমে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দেহাবশেষের মধ্যে ৪০ শিশু, ৩৮ নারী এবং শারীরিক প্রতিবন্ধকতা থাকা সাতজনের মরদেহ অন্তর্ভুক্ত রয়েছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই উদ্ধার অভিযানে তারা সহায়তা প্রদান করেছে। আইসিআরসির মুখপাত্র আমানি আল-নাউক বলেন, ‘গাজার হাজারো পরিবার কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং মানবদেহের দেহাবশেষ উদ্ধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক বিষয়।’
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্নেল মোহাম্মদ আবু দান জানান, ধ্বংসস্তূপের নিচে আরও ১৫৭টি মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অনুসন্ধান কাজ চলমান রয়েছে, যা অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে ৭৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।