গোপালগঞ্জে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহিংসতা ও নাশকতার ঘটনার পর বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন তারা। দোকানপাট খুলতে শুরু করেছে এবং সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছে।
গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। এছাড়া, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে জখম করে আওয়ামী নেতাকর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।