আগামীকাল ১৫ আগস্টকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়ও দেখা যাচ্ছে।
আজ শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়। টহলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ নিশ্চিত করেছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক থাকবে। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।