গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান আজ নিশ্চিত করেছেন যে, সাধারণ মানুষের জান-মাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।