চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তদন্তে যদি কারও দায় প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি বলেন, ‘তদন্ত করে যা পাওয়া যাবে, তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে-বিপক্ষে কিছু নেই।’
মন্ত্রী আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্সের বিষয়ে জোর দেওয়া হচ্ছে।
এর আগে, সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। বর্তমানে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শ্রমিকদের স্বজনরা অভিযোগ করেছেন যে, শিপ ইয়ার্ডগুলোতে নিরাপত্তামূলক সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে।