শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের দক্ষিণ সুদান সফর শেষে দেশে প্রত্যাবর্তন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শন শেষে দেশে ফিরেছেন।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের দক্ষিণ সুদান সফর শেষে দেশে প্রত্যাবর্তন

দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি শুক্রবার (১৪ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদানে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট পরিদর্শন করেন। তিনি আবেইয়ে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নও পরিদর্শন করেন।

এছাড়া, তিনি ইউএনএমআইএসএস ও ইউএনআইএসএফএ মিশনে নিয়োজিত বাংলাদেশী স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেনাপ্রধান শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সফরের সময় তিনি জাতিসংঘের দক্ষিণ সুদান মিশনের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং আবেই মিশনের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, তিনি আবেইয়ের মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকগুলোতে মিশনের কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সফরের শেষে দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী চোল থন বালক ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল সান্তিনো ডেং উলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেনাপ্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধি পাবে এবং জাতিসংঘ ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন