কিডনি প্রতিস্থাপনের এক দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। নির্মাতা মাহমুদুর রহমান হিমি সামাজিকমাধ্যমে এই খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই।’
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। সহকর্মী নির্মাতা আশিকুর রহমান জানান, কিছুদিন আগে মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বুধবার অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। এরপর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
তানিন রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি তানিনের লেখা অসংখ্য নাটক ও চিত্রনাট্যে অভিনয় করেছেন। অপূর্ব একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার অসংখ্য নাটকের রাইটার তানিন রহমান আর নেই।’
তানিন রহমান নাটকের গল্প ও চিত্রনাট্য লিখে শোবিজে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন। তাঁর লেখায় তৈরি হয়েছে দর্শকপ্রিয় বহু নাটক, যেমন ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।
অপূর্ব তানিন রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর সঙ্গে অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে। একই সঙ্গে তিনি তানিন রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।