সাতক্ষীরা-ভেটখালি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে নির্মাণকাজ টেকসই হচ্ছে না।
এই মহাসড়কটি মাছ পরিবহন ও সুন্দরবনের পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ। ১৭ বছর ধরে সড়কটির সংস্কার কাজ না হওয়ায় ৫ উপজেলার ১৫ লাখের বেশি মানুষ সীমাহীন দুর্ভোগে ছিলেন।
১১ মাস আগে ৫টি প্যাকেজে আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শুরু হয়। তবে কাজের ধীরগতি ও মানহীন নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে স্থানীয়রা ক্ষুব্ধ। তাদের মতে, মহাসড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
ঠিকাদার প্রতিষ্ঠান এমডি মাঈনুদ্দীন লিমিটেডের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম বলেন, ‘নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করা হয়নি। যথাযথ নিয়ম মেনেই প্রকল্পের কাজ করা হচ্ছে।’
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা দাবি করেছেন, মহাসড়ক নির্মাণকাজের ত্রুটিরোধে সব সময় নজরদারি চলছে। সাতক্ষীরা সওজের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, ‘আমরা প্রকল্পের কাজে সব সময় নজরদারি করছি।’
৮২২ কোটি টাকা খরচে ৬২ কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক মহাসড়কটির নির্মাণকাজ আগামী বছর জুনে শেষ হওয়ার কথা রয়েছে।