পঞ্চগড় জেলার সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে নতুন একটি বিওপি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার মাধুপাড়া বিওপিতে পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।
নতুন বিওপি স্থাপনের উদ্দেশ্য হলো সীমান্তে নজরদারি জোরদার করা এবং সীমান্ত অপরাধ প্রতিরোধ করা। রিজিয়ন কমান্ডার জানান, এই বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও বৃদ্ধি পাবে, যা পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সহায়ক হবে।
তিনি বলেন, "নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যে ২২ কিলোমিটার সীমান্তের মাঝে এই বিওপি উদ্বোধন হলো। আমরা আশা করি সব ধরনের চোরাচালান রোধে এই বিজিবি ক্যাম্প কার্যকর ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া এবং নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি রিজিয়ন কমান্ডার প্যারেড গ্রহণ করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বিওপির চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।