বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে ৮৪টি করা হয়েছে। এই নতুন সমঝোতার ফলে হজ ও ওমরাহ যাত্রীসহ প্রায় ৪০ লাখ প্রবাসী উপকৃত হবেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক আজ বৃহস্পতিবার সকালে বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ-সৌদি বিমান চলাচল সহযোগিতা জোরদারে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে মতবিনিময় সভায় এসব তথ্য জানান।
নতুন চুক্তিতে যাত্রীবাহী ফ্লাইটের পাশাপাশি প্রতি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ রাখা হয়েছে। ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দায় সরাসরি বিমান যোগাযোগ আরও বাড়বে।
এছাড়াও, ফ্রিডম ট্রাফিক রাইটস, কোড-শেয়ারিং ও উড়োজাহাজ লিজিংয়ের সুবিধার ফলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক কার্গো হাব হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বেবিচক চেয়ারম্যান আশা করেন, এয়ারলাইনগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়লে যাত্রীদের বিমানভাড়াও কমতে পারে।