শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে পরিবেশ দূষণ

রাজশাহী নগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ বাড়ছে। নতুন প্রকল্পের মাধ্যমে এর সমাধান চাচ্ছে সিটি করপোরেশন।

রাজশাহী নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে পরিবেশ দূষণ

রাজশাহী নগরীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষণ ক্রমশ বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। সিটি করপোরেশন নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি ও সার উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। তবে, প্রকল্পটির বাস্তবায়নের নির্দিষ্ট সময় এখনও নিশ্চিত করা হয়নি।

রাজশাহীর সিটি হাট ডাম্পিং স্টেশনে প্রতিদিন সাড়ে ৩০০ টন বর্জ্য জমা হচ্ছে। নির্ধারিত জায়গার বাইরেও বর্জ্যের স্তূপ ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দুর্গন্ধ সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবেশ দূষণ জনস্বাস্থ্যের জন্য বাড়তি ঝুঁকি সৃষ্টি করছে।

এ বিষয়ে নগর পরিকল্পনাবিদরা কার্যকর পরিকল্পনার তাগিদ দিয়েছেন। তারা বলছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে জ্বালানি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে রূপান্তর করা সম্ভব। রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্জ্য কথা বলতে না পারলেও কাজ করে যায় নীরব ঘাতকের মতো। ছড়াচ্ছে মিথেন গ্যাস, যা পরিবেশকে দূষিত করছে। অথচ এই বর্জ্য হতে পারে সম্পদ।’

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান জানান, প্রায় ১ হাজার কোটি টাকায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট ও জৈব সার উৎপাদন প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এটি বাস্তবায়িত হলে বর্জ্য থেকেই উৎপাদিত হবে জ্বালানি ও সার, ফলে পরিবেশ দূষণ কমবে।’ নগরীর দুয়ারী এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন