রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির উদ্বোধন করেন সরকারপ্রধান। নতুন ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াল।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে চিকিৎসাসেবা শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা যোগ হলো।