রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল ও সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে এই দুই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবসের কারণে ওপারে সরকারি ছুটি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকার ফলে বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী ট্রাকের জট বাড়ছে, যা ডেমারেজ বাড়াতে পারে। তিনি আশা প্রকাশ করেন, রোববার থেকে কার্যক্রম শুরু হলে পণ্যজট কমবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এদিকে, সোনামসজিদ বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে একদিনের সরকারি ছুটি থাকায় আমদানি পণ্যবাহী কোন ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। তবে ইমিগ্রেশন চেক পোস্টের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন।

বিজ্ঞাপন