আগামীকাল রোববার সড়ক পথে কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জোর প্রস্তুতি চলছে।
দিনব্যাপী এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষ রোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য পক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তিদের অনুদান প্রদানসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন সফরসূচি নিশ্চিত করেছেন।
প্রথমবারের মতো কিশোরগঞ্জে সফর উপলক্ষে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার ভাঙা সড়ক মেরামতের কাজ চলছে।
রোববার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর দুপুর ১টার দিকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।