সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। আগামী অক্টোবর মাসে কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধনকালে এ তথ্য জানান।
তিনি বলেন, “স্বাস্থ্যসেবা শুধু মানুষের মৌলিক অধিকার নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি।” প্রধানমন্ত্রী সকলের জন্য সহজলভ্য ও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “উন্নত চিকিৎসা যদি শুধু বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা বলা যায় না।” তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতির গুরুত্বও উল্লেখ করেন, যা চিকিৎসার মান আরও বাড়াতে সহায়তা করবে।
তিনি বলেন, “চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে নিরাপত্তাহীনতা তৈরি হলে সরকারের কোনও উদ্যোগই কাঙ্ক্ষিত ফল দেবে না।”
প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য রাজধানীতে আসার প্রয়োজন কমাতে ই-হেলথ কার্ডের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।