রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে

সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ ২৯ শতাংশে পৌঁছেছে, যা পাঁচ বছর আগে ছিল ২৬ শতাংশ।

সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে

বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব পালন করছেন নারী জেলা প্রশাসকরা (ডিসি)।

এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সচিব পর্যায়েও নারীর অংশগ্রহণ বেড়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে ২৯ শতাংশ নারী, যা পাঁচ বছর আগে ছিল ২৬ শতাংশ। অর্থাৎ, পাঁচ বছরে সরকারি চাকরিতে নারী কর্মীদের সংখ্যা ৩ শতাংশ বেড়েছে।

ঢাকায় ২৫০ বছরের ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদা খানম। তিনি ২০০৬ সালে রাজশাহীতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকার জেলা প্রশাসক হিসেবে রাজস্ব আদায় ও আইন-শৃঙ্খলা রক্ষা করছেন।

ফরিদা খানম বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে নারীর ক্ষমতায়নের বিষয়ে যে ৩১ দফা দিয়েছেন, এর ২৩তম দফায় নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ রয়েছে। ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ ছিল ২৬ শতাংশ, যা বর্তমানে ৩ শতাংশ বেড়েছে।'

বরিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, প্রশাসনিক দায়িত্ব পালনে জেন্ডার কোনো ইস্যু নয়। নারীরা প্রতিযোগিতায় টিকে নিয়োগ পাচ্ছেন। তিনি বলেন, 'একজন নারী অফিসারকে নারী হিসেবে নয়, বরং একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে দেখা উচিত।'

নীলফামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, 'অনেক সময় পুরুষ অফিসারকে স্যার বলা হচ্ছে, কিন্তু আমাকে আপা বলা হচ্ছে। সমাজের দৃষ্টিভঙ্গি এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। তবে আমি মূলত সেবা দেওয়ার জন্য এখানে আছি।'

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৬৪ জেলার মধ্যে ২১ জেলার দায়িত্ব পালন করছেন নারী জেলা প্রশাসকরা। ঢাকা বিভাগে ১৩ জেলার মধ্যে ৯ জেলায় নারী ডিসি দায়িত্ব পালন করছেন। এছাড়া, ৪৯৯টি উপজেলার মধ্যে ১৯১টিতে দায়িত্ব পালন করছেন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, যা প্রায় ৩৯ শতাংশ।

এভাবে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এত সংখ্যক নারী একসঙ্গে দায়িত্ব পালন করছেন, যা আগে কখনো ঘটেনি। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন