লালমনিরহাটে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির মাঠপর্যায়ের নির্মাণকাজ শুরু হবে। রোববার (১৬ আগস্ট) লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থানের কারণে লালমনিরহাটে মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে। তিনি বলেন, "মাদক নির্মূলের জন্য কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; বরং মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন এবং সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে।"
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আলোকিত লালমনিরহাট উদ্যোগের লক্ষ্য তুলে ধরে বলেন, এর উদ্দেশ্য শুধুমাত্র বিদ্যুতের আলো ছড়ানো নয়, বরং মানুষের মানবিকতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
এছাড়া, নারীশিক্ষা অব্যাহত রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী।