বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি জান্নাত বেগম ও কবিতা রায়কে ‘নারী’ হিসেবে খেলার কারণে পদক বাতিল ও আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
দীর্ঘদিন ধরে লিঙ্গ পরিচয় নিয়ে বিতর্কের মধ্যে থাকা এই দুই অ্যাথলেটকে পুরুষ হিসেবে বিবেচনা করে ফেডারেশন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। গত শনিবার অনুষ্ঠিত ফেডারেশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জান্নাত বাংলাদেশ সেনাবাহিনীর এবং কবিতা নৌবাহিনীর অ্যাথলেট। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর লিঙ্গ নির্ধারণের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়।
২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ১১ মে বোর্ডের কার্যক্রম শেষ হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, জান্নাত ও কবিতার শরীরে নারীর স্বাভাবিক হরমোনের চেয়ে বেশি টেস্টোস্টেরন রয়েছে।
জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা ১৯.৬৬ এনমোল/লিটার, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সর্বোচ্চ সীমার (২.৫ এনমোল/লিটার) প্রায় ৮ গুণ বেশি। কবিতা রায়ের টেস্টোস্টেরনের মাত্রা ১৬.৫০ এনমোল/লিটার, যা নির্ধারিত সীমার (২.৫ এনমোল/লিটার) সাড়ে ৬ গুণের বেশি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, “চিকিৎসক বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, তারা দুজন নারী নয়, পুরুষ। তাই তাঁদের জাতীয় প্রতিযোগিতায় সব পদক বাতিল করা হয়েছে।” জান্নাতের ৯টি এবং কবিতার ৪টি পদক বাতিল হয়েছে।
তিনি আরও জানান, “তাদের দুজনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। নারী হিসেবে তারা আর খেলতে পারবে না।”