সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাদারীপুরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু, একজন আহত।

মাদারীপুরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবিবা আক্তার (১২) নামে আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলার পাচ্চঁর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিকা আক্তার উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে, যিনি ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তেন। জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে এবং স্থানীয় পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

আহত লাবিবা আক্তার বালাকান্দি এলাকার শামিম আহমেদের মেয়ে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকা থেকে আতিকা তার বাবা-মায়ের সঙ্গে গ্রামে আসে। পরে বিকেলে তার দুই খালাতো বোনকে নিয়ে নানাবাড়িতে বেড়াতে যায়।

আজ বেলা সাড়ে ৩টার দিকে তারা নানাবাড়ির পুকুরে গোসলে নামে। সেখানে তিনজন পানিতে ডুবে যায়। একজনের চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আতিকা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ খান বলেন, "আজ বিকেলে পানিতে পড়া তিন কিশোরীকে হাসপাতালে আনা হলে আমরা দুজনকে মৃত অবস্থায় পাই। আর একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তার অবস্থা এখন ভালো।"

বিজ্ঞাপন