সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর আজ

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর আজ

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ।

প্রধানমন্ত্রী রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেবেন। সফরের অংশ হিসেবে তিনি কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া — এই তিন উপজেলা পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

এছাড়া, বেলা আড়াইটার দিকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগমন উপলক্ষে সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন সড়ক সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন