রাজধানী ঢাকায় গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই সংকট আরো তীব্র হয়েছে, যা গ্রাহকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ রোববার সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় গাড়ির সারি দীর্ঘ হয়ে যায়। কিছু স্টেশনে গ্যাস না থাকায় ফিলিং বন্ধ রাখা হয়। চালকরা অভিযোগ করেছেন, কর্মদিবসের শুরুতেই এই সংকটের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
তেজগাঁও এলাকায় গ্যাস নিতে আসা এক চালক বলেন, ‘দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে গ্যাস নেওয়ার পর তিন-চারটা টিপ মারতে শেষ হয়ে যায়। এরপর আবার গ্যাস নিতে আসলে শুনি গ্যাস নাই।’ অন্য একজন চালক জানান, ‘দুই থেকে ৫ ঘণ্টা দাঁড়িয়ে থাকি গ্যাসের জন্য। ওই মেইন রাস্তা ঘুইরে এই মেইন রাস্তায় আসি। এতে আধা বেলা চলে যায়। আমরা নাস্তা খাওয়ার টাইম পাই না।’
স্টেশন মালিকেরা জানিয়েছেন, সরবরাহে ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সংকট কতক্ষণ স্থায়ী হবে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।