পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী রেহেনা বেগম উর্মি ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেন।
গত সোমবার লাইভে এসে তিনি জানান, ইউএনও আফরোজ শাহীন খসরু তার কাছ থেকে এক লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। এরপর উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বুধবার তেঁতুলিয়া থানায় রেহেনা বেগম উর্মি ও অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, রেহেনা বেগম উর্মি তার ছেলের কর্মসংস্থানের জন্য ইউএনওর কাছে গেলে তাকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয় এবং তিন লাখ টাকা দাবি করা হয়। তিনি দাবি করেন, গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় এক লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন।
গত ২৪ জুন রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনও আফরোজ শাহীন খসরুকে বদলি করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পাঠানো হয়। বদলির পর উর্মি তার অভিযোগ ফেসবুক লাইভে প্রকাশ করেন।
লাইভে তিনি বলেন, ‘আমাকে জেলে দেন, ফাঁসি দেন, কিন্তু আমার টাকাটা ফেরত দেন। আমি গরিব মানুষ। টাকার চিন্তায় ঘুমাতে পারি না।’ তিনি অভিযোগ করেন যে, ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তোলার পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানির হুমকি দেওয়া হয়েছে।
এদিকে, ইউএনও আফরোজ শাহীন খসরু অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি ওই নারীকে চিনি না। তার সঙ্গে কোনো দিন আমার দেখা হয়নি।’
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।