জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির লক্ষ্য শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।
২ জুলাই, বৃহস্পতিবার, সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিস্তারিত জানান।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ১ জুলাই প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শিরোনামে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া এবং মোমবাতি প্রজ্জ্বলন।
আগামী ১৫ জুলাই 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে ছাত্র সমাবেশ হবে।
১৮ জুলাই 'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হবে। ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে 'প্রতীকী জুলাই' শীর্ষক লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকের আয়োজন করা হবে।
২২ জুলাই দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাসব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।