ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন এক মা। বৃহস্পতিবার বিকেল ৫টার পর হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই শিশুগুলো জন্মগ্রহণ করে।
শিশুগুলোর মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে রয়েছে। তবে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা গেছে। চিকিৎসকেরা জানান, নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে জন্মগ্রহণ করায় শিশুগুলোর স্বাস্থ্য জটিলতা দেখা দিয়েছে।
শিশুগুলোর বাবা মাহামুদুল হাসান ডলার জানান, দেড় বছর আগে তিনি নগরকান্দা উপজেলার চাঁদনী বেগমের সঙ্গে বিয়ে করেন। পরে জানতে পারেন, তাঁর স্ত্রীর গর্ভে পাঁচটি সন্তান রয়েছে।
হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে চারটি শিশু চিকিৎসাধীন রয়েছে। ইনকিউবেটর সংকট থাকায় স্বজনেরা কোলে ধরে অক্সিজেন দিচ্ছেন।
লেবার ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স মিনতি সরকার জানান, মা হাসপাতালে আসার পর ৩০ মিনিটের মধ্যে পাঁচটি শিশুর জন্ম দেন। তবে শিশুগুলো ২৮ সপ্তাহের সময়ে জন্মগ্রহণ করেছে, যা স্বাভাবিকের চেয়ে কম।
নবজাতক ও শিশু ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক পৃথ্বীরাজ পাল চৌধুরী জানান, জীবিত নবজাতকগুলোর অবস্থা সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলা হলেও পরিবার এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।