শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২ নবজাতক মারা গেছে

ফরিদপুরে ৫ সন্তানের জন্ম, ২ নবজাতক মারা গেছে। বাকি ৩ নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক।

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২ নবজাতক মারা গেছে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন চাঁদনী বেগম নামের এক মা। এর মধ্যে ২ নবজাতকের মৃত্যু হয়েছে এবং বাকি ৩ নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের প্রবাসী মাহমুদুল হাসানের স্ত্রী চাঁদনী বেগম এই সন্তানদের জন্ম দেন। চিকিৎসকরা জানান, এটি তাদের প্রথম সন্তান।

পাঁচ নবজাতকের মধ্যে সবচেয়ে বড়টির ওজন ৮০০ গ্রাম। তারা সবাই গর্ভধারণের ২৪ সপ্তাহে জন্ম নিয়েছে। চিকিৎসকদের মতে, সাধারণত ২৮ সপ্তাহের আগে জন্ম নেওয়া নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

বিকেল ৪টার দিকে প্রসবব্যথা নিয়ে চাঁদনী বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দেন। জন্মের পর দুই নবজাতকের কোনো হার্টবিট পাওয়া যায়নি।

চিকিৎসকরা জানান, এ ধরনের অপরিণত নবজাতকদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) প্রয়োজন, কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেই সুবিধা নেই। তাই উন্নত চিকিৎসার জন্য শিশুদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বাকি তিন নবজাতককে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন