স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) বসানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করার জন্য এ চিকিৎসা সম্পন্ন হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয় এবং পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক পাওয়া যায়।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রোববার দুটি ব্লকে রিং বসানো হয় এবং অপর ব্লকটি বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি বা ডায়ালেশন করে চিকিৎসা করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এ সফল চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
তথ্য ও জনসংযোগ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।